বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও সহযোগী সংগঠন কুলাউড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও মাসিক পরোয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
তিনি বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চেয়েছি। মুক্তি পেলেও কিন্তু নব্য ফ্যাসিজম সৃষ্টি হয়েছে। এই বাংলার জমিনে কোন আধিপত্যবাদের ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, ইবতেদায়ীসহ আমাদের শিশু কিশোরদের পাঠ্যপুস্তকে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বাতিলের মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে দেশকে অশান্ত করতে চাচ্ছে কারা? কারা আধিপত্যবাদের বিরুদ্ধের বলিষ্ঠ কন্ঠস্বর হাদীর ওপর হামলা করেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সবই স্পষ্ট হয়ে গেছে। তবুও আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই হামলার তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই এবং উপজেলা তালামীয়ের সভাপতি মোহাম্মদ শামছুল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মনজুরুল করিম মহসিন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি চেয়েছিলাম, পেয়েছিও। সোনার বাংলাকে গড়তে হলে তারুণ্যকেই প্রাধান্য দিতে হবে। এমন নেতৃত্ব কুলাউড়া থেকেই আগামীতে বের হবে, ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বলেন, অতীতে ঐক্যবদ্ধ থেকে আমরা অনেক ঘাতপ্রতিঘাত পাড়ি দিয়েছি। ছাহেবকিবলাহর নির্দেশ কায়েম করেছি। যত ষড়যন্ত্র ও আঘাত আসুক আমরা সবকিছু মোকাবেলা করেই সফলকাম হবো। কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্ কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আবু সালেহ মোহাম্মদ কুতুবুজ্জামান, নির্বাহী সদস্য মাওঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওঃ মুফতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ এনামুল ইসলাম, সিলেট মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ জিয়াউল হক মুহিত, তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, সাবেক প্রচার সম্পাদক কাজী সামাদ আজাদ, জেলা তালামীযের সাধারণ সম্পাদক মো; সামায়েল কবির প্রমুখ। কর্মী সমাবেশ শেষে হাদীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাস বিরোধী এক মিছিল শহর প্রদক্ষিণ করে।