গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত আখী বেগম ও তার সহযোগীসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে কাশিমপুর থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাশিমপুর ও আশপাশের এলাকায় আখী বেগমের নেতৃত্বে মাদক বিক্রির এক বিশাল সিন্ডিকেট সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কাশিমপুরের বিভিন্ন জায়গায় একযোগে অভিযানে তাদের আটক করা হয়। এসময় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, আইস, গাঁজা এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে পুলিশের ‘ওয়ান্টেড লিস্টে’ ছিল। তারা এলাকায় মাদক সেবন, বিক্রি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে চরম জনদুর্ভোগ সৃষ্টি করছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক ও অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে এলাকাবাসী পুলিশ প্রশাসনের এ সফল অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর মাদক সিন্ডিকেটের মূল হোতারা আইনের আওতায় এসেছে। এর ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরবে বলে তারা আশা করছেন। গ্রেফতারকৃতদের আদালতে হাজতবন্দি করা হয়েছে এবং পুলিশ তাদের রিমান্ড আবেদন করেছে।