গাজীপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মজিবুর রহমানের অঙ্গীকার। গাজীপুরকে চাঁদামুক্ত, মাদকমুক্ত ও মানবিক একটি আসন হিসেবে গড়ে তুলবো।
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান বলেছেন, আমরা যারা গাজীপুর-১ আসনে বিএনপির কান্ডারি, যারা বিএনপিকে ভালোবাসি—আমরা সবাই মিলেমিশে থাকবো এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবো। গরিব-দুঃখী মানুষের পাশে সবসময় থাকা আমাদের দায়িত্বঃ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, গাজীপুরে দেশের বিভিন্ন জেলা থেকে এসে গার্মেন্টস ও বিভিন্ন খাতে লক্ষাধিক শ্রমিক কাজ করেন। তারা এই এলাকারই মানুষ। তাদের নিরাপত্তা, সামাজিক সুবিধা এবং অধিকার রক্ষায় আমরা সবসময় নজর রাখবো। গরিবদের জন্য সেবা প্রসঙ্গে তিনি বলেন, গরিবদের জন্য চিকিৎসা ভাতা ও বিনামূল্যে চিকিৎসা আমি অতীতেও চালু রেখেছি, এখনও রাখছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কেউ যেন গরিবের হক না মারতে পারে—এটা কঠোরভাবে নিশ্চিত করা হবে। ব্যবসা-বাণিজ্য নিয়ে তিনি বলেন, গাজীপুর-১ আসনকে আমরা চাঁদামুক্ত ও মাদকমুক্ত এলাকায় পরিণত করবো। ব্যবসায়ীরা যেন উন্মুক্ত, নিরাপদ এবং চাঁদামুক্ত পরিবেশে কাজ করতে পারেন—সেই নিশ্চয়তা দেবো, ইনশাআল্লাহ। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের ঘোষণাঃ সভায় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার রূপরেখা বাস্তবায়নে তাঁর দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। তিনি বলেন, ৩১ দফা শুধু বিএনপির না—এটা পুরো দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথনির্দেশনা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানবাধিকার, গণতন্ত্র—সর্বক্ষেত্রে আমরা বাস্তব পরিবর্তন আনবো। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনাঃ সভায় তিনি উপস্থিত সবার কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান। তিনি বলেন, আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং দেশের জন্য আবার কাজ করার সুযোগ দেন। সবাই তার জন্য দোয়া করবেন। ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনাঃ সভা শেষে তিনি গাজীপুরবাসীর উদ্দেশ্যে বলেন, গাজীপুর-১ আসনের মানুষ আমাকে যদি আবার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ আমি এই আসনকে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিকতার মডেলে পরিণত করবো। আপনারা ধানের শীষে ভোট দিন—আমাকে দোয়া করুন।
সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।