আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে লড়বেন জুলাই আন্দোলনের সময় মুখমণ্ডলে গুরুতরভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ) রাতেই এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। পোস্টে লেখা হয়— শেরপুর-২ এর জন্য মনোনয়ন নিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন বর্মন ।
সূত্রে জানাযায়, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য খোকন বর্তমানে তার মুখের চিকিৎসার জন্য রাশিয়ায় রয়েছেন। খোকন চন্দ্র বর্মনের পক্ষে দলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়—গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।