কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিওপি’র দক্ষিণ অনন্তপুর এলাকায় বিজিবির বিশেষ টহলদল এক অভিযানে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাতে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীন কাশিপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন দক্ষিণ অনন্তপুর এলাকায় অভিযান চালায়। এসময় টহল দলের সদস্যরা কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের ধাওয়া করে। তবে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।