দেশে সম্প্রতি একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পর দিনাজপুরের হিলি সীমান্তে জাল নোটের প্রবেশ রোধে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত চেকপোস্টগুলোতে মোতায়েন বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমও আরও তীব্র করা হয়েছে।
লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্টধারী যাত্রীদেরও কড়াভাবে তল্লাশি করা হচ্ছে, যাতে কেউ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশি মুদ্রা নিয়ে আসতে না পারে।
তিনি আশ্বস্ত করেন, দেশের অর্থনীতি সুরক্ষায় বিজিবি সব সময় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।