বর্তমান সাংবিধানিক কাঠামো পলাতক শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৬ আসনের দলীয় প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হাকিমপুর উপজেলার হিলি সিপি রোডস্থ নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “৭২-এর সংবিধান পরিবর্তন করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে।”
এসময় ব্যারিস্টার সানী আরো বলেন, “বাংলাদেশ এখনো পুরোপুরি পিআর (Proportional Representation) ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। তবে নিম্ন কক্ষে না হলেও উচ্চ কক্ষে পিআর বাস্তবায়ন করা প্রয়োজন।”
তিনি উল্লেখ করেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গঠিত ঐক্যমত কমিশনের দীর্ঘ বৈঠকগুলো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। এবি পার্টি বারবার সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছে।
ব্যারিস্টার সানী আরও জানান, এবি পার্টি ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে। “জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে এবি পার্টির কোনো বাধা থাকবে না,” বলেন তিনি।
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, গত মাসে দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার সানী আব্দুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।