রবিবার আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উদ্বোধন হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- মোঃ মাসুদ হাসান, আটোয়ারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মামুন রেজাসহ সংবাদকর্মীবৃন্দ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জন্মসনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে। কোনো দেশেই বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের EPI (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) প্রোগ্রামের MT মোঃ নুর আলম জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ৩০ তারিখ পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেওয়া হবে এবং পরবর্তীতে ০১/১১/২৫ হতে ১৫/১১/২৫ পর্যন্ত কমিউনিটি সেন্টারে টিকাদান কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর জানান, আটোয়ারী উপজেলায় পর্যায়ক্রমে ৪২৮৯৩ জনকে টিকা দেওয়া হবে। আজ উদ্বোধনের দিন ১২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ২৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিভাবকেরা সন্তানদের নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration/tcv
ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধনের পর সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।