বিরামপুর,দিনাজপুর ১১ অক্টোবর গত শনিবার সন্ধ্যায় বিরামপুর পাইলট স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে দলীয় প্রার্থী মুফতি নুরুল করিম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস।
সমাবেশেমুখর পরিবেশে স্টেজে উঠে আল্লামা মামুনুল হক মুফতি নুরুল করিম কাসেমীকে দলীয় প্রতীক “রিকশা” তুলে দেন। এর পর তিনি বলেন, “পৃথিবীর পরাশক্তি ও তাদের এজেন্টরা বাংলাদেশের স্বার্থকে প্রায়ই বিদেশী স্বার্থের সামনে বঞ্চিত করেছে। ভারতের, রাশিয়ার বা আমেরিকার স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ বারবার জলাঞ্জলি দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো বিদেশী বা মিউলার রাজনীতি চলবে না। ইসলামই দেশের চূড়ান্ত নীতি হবে এবং সকলের জন্য সমান সুযোগ ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করতে হলে মানবসৃষ্ট আইন যথেষ্ট নয়। তাই একমাত্র বিকল্প হলো খেলাফতের রাজনীতি। আইন চলবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর বান্দার। নতুন বাংলাদেশে ৭২-এর বাকশালী ব্যবস্থা চলতে দেওয়া হবে না। এজন্য অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে। এটি বাংলাদেশের মানুষের নতুন মুক্তির সনদ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি দেওয়া হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সহ-সভাপতি আকরাম হোসাইন, মাওলানা জুবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাকিমপুর উপজেলা সভাপতি মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব আলম, সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আকরাম হোসাইন প্রমুখ।