নাটোরে প্রথমবারের মতো মুগ ডালের আবরণে নির্মিত প্রতিমা দর্শনার্থীদের মন কাড়ছে। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই ব্যতিক্রমী প্রতিমা দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন। দুর্গোৎসবের প্রথম দিন থেকেই মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। কেউ আসছেন অঞ্জলি দিতে, কেউবা শুধুই প্রতিমার অনন্য সৌন্দর্য উপভোগ করতে।
বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশুদের গান ও নাচে মুখর হয়ে ওঠে মণ্ডপ এলাকা। মধ্যরাত পর্যন্ত বিরাজ করেছে উৎসবের আমেজ।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। একজন পুলিশ সদস্যের পাশাপাশি ছয়জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন মণ্ডপে।
প্রতিমাটি নির্মাণ করেছেন শহরতলীর আমহাটি এলাকার প্রতিমা শিল্পী নীল কুমার দাস। আড়াই মাসের দীর্ঘ পরিশ্রমে তিনি প্রতিমাটি তৈরি করে মুগ ডালের আচ্ছাদনে দিয়েছেন ভিন্ন মাত্রা। প্রায় দেড় মণ মুগ ডাল ব্যবহার করা হয়েছে এ প্রতিমায়। আঠা দিয়ে ডালগুলো স্থাপন করে শিল্পী নিপুণ হাতে প্রতিমাটিকে করেছেন দৃষ্টিনন্দন।
নাটোরবাসীর কাছে এই ব্যতিক্রমী মুগ ডালের প্রতিমা হয়ে উঠেছে এবারের দুর্গোৎসবের বাড়তি আকর্ষণ।