সাভার উপজেলাধীন বইলাপুর ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের এর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রের কাজে গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট।
ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষদের অভিযোগ, সরকারি নির্ধারিত নিয়ম মেনে কাজ করতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও হয়রানির শিকার হতে হয়। ফলে অনেকে বাধ্য হয়ে ভূমি দালালদের দ্বারস্থ হন। এসব দালালরা অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ সম্পন্ন করিয়ে দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, এসব দালালদের পেছনে রয়েছে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতা। একজন ভুক্তভোগী জানান, “একটি খতিয়ান বা নামজারি করতে গেলে নিয়ম অনুযায়ী সরকারি ফি’র চেয়ে তিন-চারগুণ বেশি টাকা দাবি করা হয়। না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়।”
অভিযোগ উঠেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে সরকারি সেবা প্রক্রিয়া ভেঙে পড়ছে, অন্যদিকে দালালচক্র অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, আর দুর্নীতির শিকড়ে জড়িয়ে পড়ছে সরকারি অফিস।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন।