নীলফামারীর ডিমলা উপজেলায় জনস্বার্থ রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।
অভিযানকালে দেখা যায়, অনুমোদন ও প্রয়োজনীয় কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়াই কয়েকটি মিনি পেট্রোল পাম্প দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এগুলো কেবল অবৈধই নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জনসাধারণের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এ কারণে সেগুলোকে আইনের আওতায় আনা হয়।
জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা প্রথম ধাপে, ডিমলা সদর ইউনিয়নের এক ব্যবসায়ীকে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র (এনওসি) ব্যতীত অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চালানোর দায়ে সতর্কতামূলক ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দ্বিতীয় ধাপে, খগাখড়িবাড়ি ইউনিয়নে অত্যন্ত বিপজ্জনকভাবে পরিচালিত একটি মিনি পেট্রোল পাম্প জনসাধারণের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় স্থানীয়দের উপস্থিতিতে পাম্প বন্ধ করে সিলগালা করা হয়।
তৃতীয় ধাপে, খগাখড়িবাড়ি ইউনিয়নের দুই ব্যবসায়ী রাস্তার জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। জনস্বার্থবিরোধী এ কর্মকাণ্ডের কারণে তাদেরকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ৪,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মোবাইল কোর্ট পরিচালনায় ডিমলা থানার একটি চৌকস টিম সরাসরি মাঠে সহযোগিতা করে। অভিযানের সময় স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে মোবাইল কোর্টের কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনেকেই এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রওশন কবির বলেন,অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসা জনগণের জীবনের জন্য মারাত্মক হুমকি। আমরা জনস্বার্থে এ ধরনের অভিযান চালাচ্ছি এবং এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন, নীলফামারী থেকেও জানানো হয়, জনকল্যাণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিতে কোনো প্রকার আপস করা হবে না।
এদিকে সাধারণ মানুষ মনে করছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন মিনি পেট্রোল পাম্প গড়ে ওঠায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বেড়েছিল কয়েকদিন আগে ডিমলা উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নি সংযোগ হয় যাতে অনেক অনেক ক্ষতি হায় যা নিয়ে ডিমলা উপজেলার অনেক ব্যাবসায়ি চিন্তায় ছিল ।তবে প্রশাসনের এ উদ্যোগে জনসাধারণ কিছুটা হলেওুু স্বস্তি পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের প্রশংসা করে নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানান।