মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিমে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের পুত্র আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত শেরজন মোল্লার পুত্র মনির হোসেন (৬০)।
আহতরা হলেন— সদর থানার দক্ষিণ সেওতা গ্রামের আবুল হোসেনের পুত্র মহসিন (৩২) এবং পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত আফাজউদ্দিনের পুত্র শাহজাহান আলী (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো উ-১১-২৩২২)-এর সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি (গাজীপুর থ-১১-২৬৬৬)-র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিহতদের মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।