নাটোরের সিংড়ার কলম ইউনিয়নের নজরপুর গ্রামে অটোভ্যান চুরির ঘটনায় স্থানীয় জনতা এক চোর চক্রের মূলহোতা নাঈম আলীকে আটক করেছে।
ভুক্তভোগী মোঃ আসাদ আলী জানান, জুমার নামাজের সময় তার ভ্যান চুরি হয়। পরদিন সকালে সন্দেহভাজন নাঈম আলীকে জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর চেষ্টা করে। পরে ধরা পড়ে ভ্যান চুরির কথা স্বীকার করে এবং জানায়, হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল এলাকার ভাংড়ি ব্যবসায়ী মোঃ জামশেদ আলীর কাছে ভ্যানটি বিক্রি করেছে।
নাঈম আরও স্বীকার করে, বেলাল হোসেন, রাজ উদ্দিন ও সে মিলে ভ্যান ও একটি সেচ মোটর চুরি করেছে। স্থানীয়রা ভ্যান ও ব্যাটারি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেয়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ হয়নি।