২২ জুন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তর্পনঘাট (পালপাড়া) গ্রামে গত ২১ জুন গভীর রাতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শ্রী অমিত কুমার পাল (২৯) জানান, আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে তার ঘুমন্ত অবস্থায় কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে তার ব্যক্তিগত ড্রয়ার বাক্সে, যেখানে জরুরি কিছু কাগজপত্র সংরক্ষিত ছিল।
অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যায় নবাবগঞ্জ মহিলা কলেজের চাকরির যোগদানপত্রসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র। পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের দ্রুত সহযোগিতায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণে কাগজপত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শ্রী অমিত কুমার পাল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১০০১, জিডি ট্র্যাকিং নং: 07Y2CJ) করেন। তিনি জানান, বর্তমানে এ বিষয়ে বিস্তারিত তথ্য না থাকায় আপাতত সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে মামলার আবেদন করা হতে পারে।
স্থানীয়রা জানান, রাতের নিরবতায় হঠাৎ আগুন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সকলে মিলেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পরিবারটি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়েছে বলে জানা গেছে।