মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে শিলা (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি চার বছরের এক কন্যা সন্তানের জননী ছিলেন। ঘটনাটি ঘটে ১৫ জুন সকাল ১১টার দিকে সিংগাইর পৌরসভার কাংশা গ্রামে।
নিহত শিলা ওই এলাকার দুবাই প্রবাসী মো. রিয়াজুল ইসলামের স্ত্রী। তার পিত্রালয় ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুংগুর গ্রামে। তিনি মৃত সুলতান খানের মেয়ে।
সকালে গৃহস্থালি কাজ শেষ করে শিলা তার কন্যাশিশুকে মোবাইলে গেম খেলার জন্য দেন। এরপর তিনি নিজের শয়নকক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শিশুটি গেম খেলতে খেলতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মা’কে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিল্ডিংয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করেন। শিলার কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে, লোহার দরজা কেটে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে। এ বিষয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।