খুলনা নগরীর ৬ নং ঘাটস্থ মামুর আস্থানার পাশে নোয়াপাড়াগামী কয়লা বোঝাই একটি ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকায় কেএমপি সদর নৌ থানা পুলিশ নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাড়ির সহায়তায় ৪ জনকে আটক করেছে। একই সাথে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা ও ডাকাতদের ব্যবহ্নত মোটরসাইকেল উদ্ধার করেছে। আটক ব্যক্তিরা হলেন মোস্তাকিন বিশ্বাস(৩৮), সুমন শেখ (২৮), জসিম শেখ( ৪৪)ও চন্দনশীল (৩০)। এ ব্যাপারে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৮। তাং- ১৮/০৫/২০২৫ ইং।ধারা – ৩৯৫/৩৯৭/৪১২। মামলার বাদী ব্যবসায়ী মো: আবুল কালাম মোল্লা এজাহারে উল্লেখ করেন, গত ১৫ মে বিকাল ৫ টায় তার ট্রলারের স্টাফ সুকানি মো: সেলিম (৩৩), লক্সর মো: মনিরুজ্জামান (৩০) ও বাবুর্চি মো: ইলিয়াস শেখ (৬০) মোংলা হতে মালিক শাহিনের ১০৮ টন ২০০ কেজি কয়লা ( যার আনুমানিক মুল্য( ১২ লাখ ৯৬ হাজার টাকা) নিয়ে নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা করে। ১৬ মে সকাল ৮ টার দিকে খুলনা সদর থানাধীন ৬ নং ঘাটস্থ মামার মাজারের পুর্ব পাশে ভৈরব নদীর পশ্চিম পাশে অজ্ঞাত একটি ইঞ্জিন চালিত ট্রলারে আসা ১০/১২ জন লোক লাঠি সোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে ট্রলার থামাতে বলে। আমার সুকানু উপায়ন্ত না পেয়ে ট্রলার থামাবার সাথে সাথে ৮/৯ জন ডাকাত ট্রলারে উঠে স্টাফদের মারপিট শুরু করে। এবং তাদের কাছে থাকা ৪ হাজার ৭০০ টাকার মালামাল জোরপুর্বক ছিনিয়ে নেয়। এরপর ট্রলারে স্টাফদের নিকট হতে আরো টাকা পয়সা আদায় এবং ট্রলারে থাকা কয়লা লুন্ঠন ও ট্রলার বিক্রির উদ্দেশ্যে জোরপূর্বক নড়াইল জেলার বড়দিয়া বাজারের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় আমার ট্রলারের লক্সর মো: মনিরুজ্জামান ও বাবুর্চি মো: ইলিয়াস শেখকে দিঘলিয়া থানাধীন শোলপুর নামক স্থানে ফেলে রেখে যায়। লক্সর ও বাবুর্চি ১৭ মে সন্ধ্যায় নৌপুলিশকে খবর দিলে কেএমপি সদর নৌ- থানার অফিসার ইনচার্জ তার সঙ্গিয় ফোর্স সহ স্পিডবোট যোগে রওনা দিয়ে নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাড়ির পুলিশের সহায়তায় ১৮ মে রাত ৩ টা ৫ মিনিটে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা ( যার আনুমানিক মুল্য ৬ লাখ ৬০ হাজার টাকা) ও ডাকাতদের ব্যবহ্নত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করে। এসময় লুন্ঠিত কয়লা ট্রলারে থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়। কেএমপি সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: বাবুল আক্তার বলেন, ১৭ মে সন্ধ্যায় ট্রলার ডাকাতির ঘটনা জানতে পেরে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়ার উদ্দেশ্যে রওনা হই। এরপর সেখানকার নৌ পুলিশ ফাড়ির সহায়তায় আমরা কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন কয়লা উদ্ধার করি। একই সাথে লুন্ঠিত কয়লার ট্রলারে থাকা ৪ জনকে আটক করতে সক্ষম হই। এবং তাদের ব্যবহ্নত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করি।