মোঃআশিকুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি (সিলেট): বিশ্বনাথ থানাধীন রামধানা গ্রামে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ২৬/১২/২০২৪ইং তারিখ রাত ১টা থেকে ৩টার মধ্যে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ভাতিজা, গরুর মালিক বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা মহল্লার মৃত সাজিদ আলীর ছেলে আলাউদ্দিন ১৮ জানুয়ারি শনিবার সকালে বিশ্বনাথ থানায় ৩ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৬।
মামলার আসামীরা হচ্ছে- সিলেট জেলার বিশ্বনাথ থানার বন্ধুয়া (শেখেরগাঁও) গ্রামের নিজাম এর ছেলে সুমন (২৭), রামধানা গ্রামের মৃত রুপা মিয়ার ছেলে ফরহাদ (৪০), বন্ধুয়া (শেখেরগাঁও) গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে জামাল মিয়া গং।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ এর নেতৃত্বে বিশ্বনাথ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সুমন ও ফরহাদ নামক দুই আসামীকে গ্রেফতার করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬/১২/২০২৪ইং তারিখ রাত অনুমান রাত ১ টার সময় গোয়ালঘরে গিয়ে আলাউদ্দিন গরুকে খাবার দিয়ে আসেন। এরপর রাত অনুমান ৩ টার সময় ঘুম থেকে ওঠে তিনি বসতঘর থেকে বের হয়ে দেখতে পান গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা। গোয়ালঘরে প্রবেশ করে তিনি দেখতে পান তার কালো রংয়ের ডেকা গরু গোয়াল ঘরে নেই। যার মূল্য অনুমান ৮০ হাজার টাকা। তখন আলাউদ্দিন আশপাশের লোকজনকে সাথে নিয়ে ডেকা গরুটি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও খুঁজে পায়নি।
গরু খোঁজাখুজির সময় আলাউদ্দিনের রাখাল কিবরিয়া জানান, রাত অনুমান ৩ টার সময় বিবাদীরা একটি ডেকা গরু রাস্তা দিয়ে নিয়ে যেতে দেখেছে। সেই সময় আরো কয়েজন প্রতিবেশি জানায়, তারা বিবাদীদেরকে ১টি ডেকা গরু রাস্তা দিয়ে নিয়ে যেতে দেখেছে।
উপরোক্ত তথ্য জানার পর আলাউদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীগণকে সাথে নিয়ে বিবাদীদেরকে ডেকা গরুটির চুরি করার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন ধরনের কথাবার্ত বলে।
তাদের কথাবার্তা থেকে গরুর মালিক আলাউদ্দিন ও উপস্থিত ব্যক্তিবর্গের ধারণা বিবাদীরা ২৬/১২/২০২৪ইং তারিখ রাতে ডেকা গরুটি চুরি করেছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া দুই গরু চোর আকটের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এমপি এম. ইলিয়াস আলীর বাড়ি থেকে গরু চুরি হলে, তার ভাতিজা আলাউদ্দিন বাদী হয়ে থানা একটি চুরি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১নং আসামী সুমন ও ২নং আসামী ফরহাদ-কে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুর চুরি বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হলে মাননীয় আদালতে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। বাকী আসামীদের ধরতে পুলিশে তৎপরতা অব্যাহত রয়েছে।