মো: নুরুল আমিন, কলাপাড়াঃ কলাপাড়ায় ডাকাতি শেষে আত্মগোপন অবস্থায় ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ভোরে এদেরকে গামইরতলা গ্রাম থেকে আটক করা হয়। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ৪জনের বাড়ি আমতলী ও ২জনের বাড়ি কলাপাড়ায়। এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল। ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয় । কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।