দিনাজপুরের বিরলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান মূল্যায়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের মূল সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান নিয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘সোসাইটি ফর উদ্যোগ’, ঘাসিপাড়া, দিনাজপুরের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
কমিউনিটি স্কোরকার্ড পরিচালনা কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার।
সোসাইটি ফর উদ্যোগের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাহফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক উম্মে নেহার।
গণশুনানিতে এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র তুলে ধরে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার ০৩নং ধামইর ও ০৫নং বিরল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, কমিউনিটি স্কোরকার্ড কমিটির সদস্য এবং বিভিন্ন নারী দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।