কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ জোনায়েত (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫:২০ ঘটিকায় পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জোনায়েত উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬ (সুবলংকাটা, ব্লক-সি-২)-এর বাসিন্দা নুরু হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পালংখালী পানির পয়েন্টের উত্তর দিকে হোসেন বলীর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে প্রবেশ করতে দেখে টহল দল। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে জোনায়েতকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছে থাকা দুটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩১ কার্টনে মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে যে, মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা কিনে সে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দেশে আনছিল।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।