পাবনায় বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফরম পরিধান করে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।
গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম, পিতা-মৃত বাদশা প্রামাণিক, সাং-চাঁদপুর, ইউনিয়ন-বেড়হাউলিয়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনা।
জানা যায়, গত ০৩ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখার একটি টিম পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য অবস্থান করছিল। এ সময় বিআরটিএ অফিসের কর্মচারী তুহিন চক্রবর্তী পুলিশকে জানান যে, পাবনা ডিসি অফিসের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ের সামনে বাংলাদেশ পুলিশের ইউনিফরম পরিহিত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মোঃ রফিকুল ইসলাম হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তার পুলিশ পরিচয় যাচাই করে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন।
প্রাথমিকভাবে জানা যায়, রফিকুল ইসলাম মোটর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছবি তোলার জন্য বিআরটিএ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের ইউনিফরম পরিধান করে উপস্থিত হন এবং নিজেকে পুলিশ সদস্য হিসেবে উপস্থাপন করেন। তার আচরণ ও কথাবার্তায় বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ পরিচয় যাচাই করা হয়।
এ ঘটনায় তার কাছ থেকে পরিহিত বাংলাদেশ পুলিশের এক সেট ইউনিফরম ও একটি বেল্ট জব্দ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এ ঘটনায় কোনো ব্যক্তির কাছ থেকে টাকা-পয়সা গ্রহণের তথ্য পাওয়া যায়নি এবং এ ধরনের কোনো অভিযোগও নেই।
গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় সরকারি কর্মচারীর পরিচয়ের ভান করার অপরাধে পাবনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করা হয়েছে।