জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বাধীন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা এলাকায় জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিংগাইর সরকারি কলেজের সাবেক এজিএস শেখ মোহাম্মদ আসাদুল্লাহ আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবিদুর রহমান খান রোমান বলেন, “মানিকগঞ্জ এলাকা হলো ধানের শীষের এলাকা। ধানের প্রার্থী যেই হয়, সেই পাশ করে।”
স্থানীয় সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “এই মানিকগঞ্জের একজন মানুষ যদি মনে করে ধানের শীষ প্রতীক পেয়ে আমি বিপুল ভোটে পাশ করেছি—তিনি এখনো ধানকে ডুবিয়ে দিয়েছেন। ধানের যে ভোট, আমরা তা পাইনি; শুধু পেয়েছি চিটা ও তুষ, তাতেই পাশ। ধান এখনো মাঠে আছে। ধানের পরিচর্যা করতে হলে জাতীয়তাবাদী দলকে আরও সোচ্চার ও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি নৌকা ও জাতীয় পার্টির লোক দিয়ে ধান করি, রাজনীতি করি, চেয়ারম্যান বানানোর প্রলোভন দেখাই—এই সমস্ত প্রলোভনে বিএনপিকে ডুবানোর চেষ্টা করবেন না। আপনি যাদেরকে আনছেন, তাদের আমলনামা দেখেন। আমার ঘরের ছেলেরা থাকলে আমি অন্য ঘরের ছেলে দিয়ে দল চালাব কেন?”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আপনার যে হাত, সবগুলোই ভাঙা হাত। বিএনপির মূল লোকগুলো হাতে নেই। যাঁরা দু-একজন গিয়েছিল, তাদেরকে অপমান করেছেন। এটা আপনার বাবাও তাই করতেন। বিএনপি কখনো আপনার সঙ্গে থাকতে পারে না। বিএনপিকে ভালোবাসলে আপনি ভয় পান। বিএনপিকে আগে ভালোবাসেন, বিএনপিও আপনাকে ভালোবাসবে।”
এ সময় ভবিষ্যতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান অতিথি।
এ সময় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল ও শেখ সোবহান, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বাচ্চু, চান্দহর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুছাবিন আব্দুল হালিম, পৌর বিএনপির সাবেক সদস্য মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সারোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।