দিনাজপুরের বিরলে গবাদি পশুর ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন (প্রতিষেধক) সংকট দেখা দিয়েছে। সরকারি কিংবা বেসরকারি—কোনো মাধ্যমেই মিলছে না এ রোগের প্রতিষেধক। ফলে গবাদি পশু নিয়ে মারাত্মক দুশ্চিন্তা ও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারি ও সাধারণ পশু পালনকারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে সরকারিভাবে ক্ষুরা রোগের ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। শুধু সরকারি না, বেসরকারি ওষুধ কোম্পানিগুলোর কাছেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ এমন সংকট তৈরি হওয়ায় মাঠপর্যায়ে গবাদি পশু ক্ষুরা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
ক্ষুরা রোগের ভ্যাকসিন না পাওয়ায় খামারিরা আশঙ্কা করছেন, দ্রুততম সময়ের মধ্যে এই প্রতিষেধক সরবরাহ করা না গেলে পুরো উপজেলায় এ রোগ মহামারি আকার ধারণ করতে পারে। এতে করে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন ডেইরি খামারি ও সাধারণ কৃষকেরা।
এ বিষয়ে বিরল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান, সরকারিভাবে ভ্যাকসিনের কোনো সরবরাহ না থাকায় তারা বর্তমানে খামারিদের চাহিদা মেটাতে পারছেন না। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখে ইতোমধ্যে উর্ধ্বোতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পেলেই দ্রুততম সময়ে খামারিদের মাঝে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে।