দিনাজপুরের বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পরিচয়পত্র এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে এবং মৎস্য চাষীরা স্বাবলম্বী হয়ে উঠবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনুদানপ্রাপকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির টাকা, দুস্থদের মাঝে সহায়তার চেক, প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র এবং মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন।