টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির রামগড় উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৩ বিজিবি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সীমান্তরক্ষী এ বাহিনী।
রোববার (১২ জুলাই) ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতি, জরুরি প্রয়োজন এবং চলমান পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন। পরে বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ৪৩ বিজিবি সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।”