গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীমকে সম্মান জানিয়ে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও ডা. তামান্না তাসনীমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর অবদান এবং সাংবাদিকদের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করে বক্তারা তাঁকে শুভকামনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল ফকিরের সভাপতিত্বে সাংবাদিক মনজুরুল হক গাজীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।
এ সময় বক্তব্য দেন কাপাসিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ, সাংবাদিক গোলাম সারোয়ার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিপন, মাহবুবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, ডা. তামান্না তাসনীম দায়িত্ব পালনকালে একজন দক্ষ, সৎ, মানবিক ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তাঁর সহযোগিতা ছিল প্রশংসনীয়। ফলে অল্প সময়েই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ইউএনও ডা. তামান্না তাসনীম। তিনি বলেন, কাপাসিয়ার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান আমি কখনও ভুলতে পারব না। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে যে সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। বিশেষ করে স্থানীয় সাংবাদিকদের এই সম্মাননা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি যেখানেই দায়িত্ব পালন করি না কেন, কাপাসিয়ার মানুষের ভালোবাসা সবসময় আমার হৃদয়ে থাকবে। দেশের মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ডা. তামান্না তাসনীম দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা সহকর্মীদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি নতুন কর্মস্থলেও সফলতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষ পর্বে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরে এক আবেগঘন পরিবেশে উপস্থিত সাংবাদিকরা তাঁকে শুভকামনা জানিয়ে বিদায় জানান।