পাবনার ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়কে অবস্থিত জেলা পশু প্রজনন কর্মকর্তার অফিসের সামনে বুধবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা অবস্থান ধর্মঘট ও স্মারক লিপি প্রদান করেছেন।
সংগঠনের পাবনা জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা সভাপতি আলহাজ্ব সাহাবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, চাটমোহর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়া সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।
বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর যাবত আমরা বিনা বেতন ভাতায় সরকারকে সেবা দিয়ে যাচ্ছি। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। আমরা রোদ বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করি। প্রাণিসম্পদ ও সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা সকালে নাস্তার টেবিলে দুধ এবং ডিম তাদের সন্তানদের খাইয়ে থাকেন। সেগুলো কাদের পরিশ্রমে তৈরি হয় তা মনে রাখতে হবে। এআই টেকনিশিয়ানরা মাঠে ময়দানে কাজ করে বিধায় আপনারা দুধ এবং ডিম খেতে পারেন।
তারা আরও বলেন আমাদের ন্যায্য দামি না মানা হলে আজ থেকে কর্ম বিরতি করতে বাধ্য হবো। অফিস থেকে আমরা কেউ সিমেন এবং গ্যাস উত্তোলন করবো না। আগামী ২২ জুলাই ঢাকায় সারাদেশের প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা একত্রিত হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে বাড়িতে ফিরবো না। আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যারা দেশের খাদ্য উন্নয়নে কাজ করে থাকি আমাদের মতো সাধারন মানুষদের পেটে লাথি না দিয়ে আমাদের দাবিগুলো অতি দ্রুত মেনে নিন।
অবস্থান ধর্মঘট শেষে উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদী ডাক্তার মোঃ আবু রেজা তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন।