উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাউফলের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের। তবে জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি, বাউফলের সভাপতি মো. তসলিম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, কৃষক, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই করতে সমবায়ভিত্তিক কার্যক্রম জোরদার, আধুনিক কৃষির সম্প্রসারণ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।