ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলাজুড়ে মোট ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার কর্মসূচির আওতায় ভোলা জেলায় মোট ২ লাখ ৯৩ হাজার ১৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার একটি শিশুও যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী এবং ১০৮ জন সুপারভাইজার মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রাতকানা রোগ প্রতিরোধ করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে। তবে কোনো শিশুকে খালি পেটে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। কেন্দ্রে আনার আগে শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো সাধারণ খাবার খাইয়ে নিয়ে আসতে হবে।
সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সংবাদ সম্মেলন থেকে সকল অভিভাবকের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।