সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কদমতলী গ্রামে চাঁদার টাকা না পেয়ে এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত কৃষক মো. আসাবউদ্দিন বাবু (৩৮) বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা মো. আসাবউদ্দিন বাবু অভিযোগ করেন যে, একই এলাকার মো. আনোয়ার হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. আলামিন এবং মো. সাইদুল প্রাং তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ অনুযায়ী, গত ২০ জুন সকালে নিজ জমিতে শশুরের সাথে কৃষিকাজ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আসাবউদ্দিন বাবু অভিযুক্ত চারজনের বিরুদ্ধে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকার কারনে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।