1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

কিশোরীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

কিশোরীদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে দিনাজপুরের ফুলবাড়ীতে আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করেছে ব্র্যাক।

গত বুধবার (২৪ জুন) দিনব্যাপী ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে ফুলবাড়ী আঞ্চলিক ব্র্যাক কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে তিন বছরে জীবন দক্ষতা উন্নয়নমূলক ২৪ টি সেশন সম্পন্নকারী বিভিন্ন স্কুল কলেজের ২৮জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস-মুরগি পালনের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে হাঁস-মুরগি, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে স্বপ্নসারথিদের মাঝে এই উপকরণ ও সনদপত্র বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আহমেদ হাছান।

তিনি প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের এই ব্যতিক্রমি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদাবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিশোরীদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস-মুরগি পালন করে স্বল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। এ ধরনের উদ্যোগ স্বপ্নসারথিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পুরবারের পুষ্টি চাহিদা মিটিয়ে আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অংশগ্রহণকারী স্বপ্নসারথিরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তবভিত্তিক যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে, তা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকান্ডে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে পারবে।

আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাকের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক (আর.এ.ইউ) এ.কে. এম জাহেদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ব্র্যাক দিনাজপুরের ডিস্ট্রিক কো-অডিনেটর অমল কুমার দাম, সহকারি ডিস্ট্রিক কো-অডিনেটর মো. দুলাল হোসেন, সুজন ও জেলা ক্যাব’র নির্বাহী সদস্য উপজেলা ক্যাব’র সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক ফুলবাড়ী আঞ্চলিক কার্যালয়ের এম.এফ প্রগতির ব্যবস্থাপক মো. মশিদুল হক, আই.ডি.পি আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইয়াছির আরাফাত, আই.ডি.পি এলাকা ব্যবস্থাপক রাফায়েল বাবলু প্রমুখ। আলোচনা অতিথিবৃন্দ বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্য সচেতনতা, নারীর অধিকার, শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন।

আয়োজকরা জানান, স্বপ্নসারথিদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্বপ্নসারথি সদস্য, তাদের অভিভাবক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আয়বর্ধক উপকরণ হিসেবে ২৮ জনের মধ্যে ৫ জনকে প্রত্যেককে ৩১৫০ টাকা মূল্যের ২০টি হাঁস এবং পরিচর্যার জন্য নগদ ২৮৫০ টাকা করে প্রদান করা হয়। ২৩ জনের প্রত্যেককে ৩৮০০ টাকা মূল্যের ২০টি মুরগি এবং পরিচর্যার জন্য নগদ ২২০০ টাকা করে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com