মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের কয়েকটি চালের গুদাম পরিদর্শন করা হয়। এ সময় মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের গুদামে চাল সংরক্ষণে পলিথিন ও প্লাস্টিকজাত বস্তা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
পরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী পৃথক দুটি মামলায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভোক্তাস্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।