ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উ ইন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সকালে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। পরে তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ত্যাগ ও গৌরবময় অর্জনের কথা স্মরণ করেন।
প্রতিনিধি দলের সদস্যরাও এ সময় বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। সফরকালে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ঐতিহাসিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেবে।