আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করেছে। সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে সম্ভাব্য প্রার্থীদের নাম। এই নির্বাচনে দেওয়ানগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন।
তৃণমূল থেকে উঠে আসা এই হেভিওয়েট নেতার রয়েছে দীর্ঘ এবং গৌরবময় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে মূল দলের শীর্ষস্থানীয় পদে থেকে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ হাবিব পলিন ইতোপূর্বে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মূল দলে এসে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের হাল ধরে আছেন।
দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই নেতার মেয়র প্রার্থী হওয়ার ঘোষণায় দেওয়ানগঞ্জের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মাসুদ হাবিব পলিন একজন ক্লিন ইমেজের ও সদালাপী নেতা হিসেবে পরিচিত। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
নিজের প্রার্থীতার বিষয়ে মাসুদ হাবিব পলিন জানান, “আমি ছাত্রজীবন থেকেই জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত আছি। দেওয়ানগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করা, একটি আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা গঠন এবং অবহেলিত মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দল এবং দেওয়ানগঞ্জ পৌরবাসী পাশে থাকলে আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব ইনশাআল্লাহ।