সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। ছবি:দৈনিক ঘোষণা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে।
ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করেন, স্বামীকে মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার নিয়ে সেখানে গিয়েছিলেন। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
তাঁর দাবি, নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনার পর পুলিশ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।