মাদারীপুর জেলায় ডাসার উপজেলার মেলাই নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুজন নিহত সহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
স্হানীয় জনসাধারণের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০.৩০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ইমরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত এবং আহত হন অন্তত ২০ জন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে সকল ধরনের যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।