নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কায়েতপাড়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হরিদাস পাল শারীরিকভাবে আহত হয়েছেন এবং তার পরিবারের সদস্যরা মানসিক আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমান রাত তিনটার সময় সংঘবদ্ধ ও মুখোশধারী একটি ডাকাত দল হরিদাস পালের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। এ সময় বাধা দিতে গেলে হরিদাস পালকে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দল বাড়ি থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
আহত হরিদাস পালকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, আকস্মিক এই ঘটনায় পরিবার নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এই ঘটনার পর কায়েতপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রীকালীন হল জোরদারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।