পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশের শীর্ষ নিরাপত্তা মহলের সাম্প্রতিক বিবৃতির তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে হুঁশিয়ারি জানিয়েছেন—যদি ভারত আবারও যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে পাকিস্তান তাদের ধ্বংস করা যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেবে, ইনশাআল্লাহ।
জিও নিউজের ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলোকে তাদের ক্ষতিগ্রস্ত বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, এসব মন্তব্য উর্ধ্বতন মহলের চাপেই করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘৬-০ ব্যবধানে পরাজয়ের পরও, যদি তারা (ভারত) আবার চেষ্টা করে, তাহলে আমাদের স্কোর আরও ভালো হবে।’ তিনি দাবি করেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ঝুঁকে গেছে এবং নেতাদের কথাতেও সেটাই প্রতিফলিত হচ্ছে।
খাজা আসিফ আরও বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এইবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।’
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের নিরাপত্তা মহলের মন্তব্যের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশের সশস্ত্রবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) পূর্বে সতর্ক করেছে যে, উসকানিমূলক ও উগ্র মন্তব্যগুলো আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি বাড়ায় এবং তা ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হতে পারে।
এই কড়া প্রতিক্রিয়ার একদিন আগে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে টিকে থাকতে চায়, তবে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে।
আরও আগে, (শুক্রবার, ৩ অক্টোবর) রাজস্থানের এক সেনাপোস্টে তিনি বলেন, ‘আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম এবার তা বজায় রাখা হবে না… এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকতে চায় কি না।’
তাছাড়া, বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল — দুটোই পাল্টে দিতে পারে।’