বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে অবস্থিত স্নিগ্ধ বেকারীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।
অভিযানে দেখা যায়, বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া খাদ্য মাটিতে ফেলে রাখা, খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিনের ব্যবহার, মোড়কীকরণে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ট্যাগ ব্যবহার এবং কেক তৈরিতে কালিযুক্ত খবরের কাগজ ব্যবহারসহ গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া ও জেলা পুলিশের একটি টিম।