রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার ও মিরপাড়া এলাকার মাঝামাঝি স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরতাজা প্রাণ। অছিম পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক সাব্বির (২৭) ঘটনাস্থলেই মারা যান।
নিহত সাব্বিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবক ছয় মাস আগে বিয়ে করেছিলেন। নববধূ স্ত্রীকে নিয়ে স্বপ্নের সংসার শুরু করলেও সেই স্বপ্ন ঘিরেই নেমে এলো অকাল অন্ধকার। সাব্বিরের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে দ্রুতগামী অছিম বাসটি বিপরীত দিক থেকে আসা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। চালক সাব্বির সেখানেই প্রাণ হারান।
সাব্বিরের বাবা মা জানান, “আমার ছেলে সংসার শুরু করেছে মাত্র ছয় মাস হলো। কে ভেবেছিল এভাবে শেষ হয়ে যাবে তার জীবন!”
ডেমরা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করেছে পুলিশ। তবে বাসের যাত্রীদের কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, সড়কে বেপরোয়া গতির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তারা এ ঘটনায় দোষী বাস চালকের কঠোর শাস্তি দাবি করেছেন।