ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার (২২ জুলাই) দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বল। তিনি দাবি করেন, ধারা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহানাজ বেগম তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। অথচ ২০০৫ সালে শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে উল্লেখিত সাইনবোর্ড স্থাপনের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তার দাবি, বিষয়টি স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্তে হয়েছে। এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
প্রভাষক উজ্জ্বল অভিযোগ করেন, তার ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে। তিনি প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনের শেষে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ধারা আদর্শ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক শাহানাজ বেগম এক সংবাদ সম্মেলনে প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে তার বাসায় যাতায়াতের পথ বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বল এই পাল্টা সংবাদ সম্মেলন করেন।