শৃঙ্খলা ও সততায় পুলিশিংয়ের নির্দেশ আরপিএমপি কমিশনারের
মোঃ শাহাদাত হোসেন লিমন
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
জনবান্ধব ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে স্বাস্থ্য, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি বলেছেন, পুলিশ সদস্যদের প্রতিটি কর্মকাণ্ডে পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতার প্রতিফলন ঘটাতে হবে। মাদক, অনলাইন জুয়া কিংবা যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আরপিএমপির মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, একজন সদস্যের শারীরিক ও মানসিক সুস্থতা তার দায়িত্ব পালনের সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ কারণে নিয়মিত শারীরিক অনুশীলন, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্ধারিত ড্রেস রুল মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার, অনলাইন জুয়া এবং অনৈতিক ডিজিটাল কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি মাদক-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহকর্মীদের প্রতি সহযোগিতা ও পারস্পরিক আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান পুলিশ কমিশনার। একই সঙ্গে ব্যক্তিগত আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং সহকর্মীদের মধ্যে অপ্রয়োজনীয় অর্থ লেনদেন বা ধার দেওয়ার প্রবণতা পরিহারের পরামর্শ দেন তিনি।
আলোচনা শেষে উপস্থিত পুলিশ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরপিএমপি পুলিশ কল্যাণ ফান্ড পুনরায় চালুর সিদ্ধান্তে সম্মতি প্রদান করেন পুলিশ কমিশনার।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, ডিসি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবদুর রহমান, ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী, ডিসি (ট্রাফিক) মারুফ আহমেদসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।