ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৩ জুন, ২০২৬) রুহিয়া থানাধীন ০৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (সুইপার পট্টি) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. চন্দনা দাস (৪০), স্বামী- সুবাস দাস এবং ২. সাধনা রানী দাস (২০), স্বামী- সামুয়েল দাস, পিতা- রাজেন দাস। তারা উভয়ই রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল মন্ডলাদাম গ্রামের চিহ্নিত মাদক কারবারি চন্দনা দাসের বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চন্দনা দাস ও সাধনা রানী দাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ পিস হালকা গোলাপী রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১.০ (এক দশমিক শূন্য) গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ (তিন হাজার) টাকা।
রুহিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-০৫/৪৩, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। রুহিয়া থানাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।