‘সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি—গড়ে উঠুক মানবিক পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৫ জুলাই, শনিবার) শুরু হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ১০ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, বিশ্ববিদ্যালয় দিবস বক্তৃতা, রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির সূচনা হবে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর রবীন্দ্র সভায় রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের শুভ উদ্বোধনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত, এমপি।
এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় দিবস বক্তৃতা-২০২৬। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুসন কান্তি বড়ুয়া।
বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের মূল বক্তৃতা। এতে জাতীয় অধ্যাপক কবি হাসান আজিজুল হক (সূচি অনুযায়ী) “প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন: বাংলাদেশের প্রেক্ষাপটে সমকালীন পর্যালোচনা” বিষয়ে বক্তব্য প্রদান করবেন।
এরপর প্রধান অতিথির বক্তব্য রাখবেন অধ্যাপক ডা. এম এ মুহিত, এমপি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. তানজীনা আখতার। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মিজানুর রহমান।
দিনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনায় অংশ নেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিল্পীবৃন্দ এবং দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ক্রেজ-অপ’। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী মিজান মাহমুদ রাস্টিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে একটি মানবিক, সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বার্তা তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।