কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেছেন, “মাদকের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাই মাদক কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারি সম্পদ দখল করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় নির্বাচনে দলীয় কোনো প্রভাব থাকবে না বলেও তিনি জানান। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র মাহবুবুল হক, সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নুরুল বাসেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সিদ্দিক চঞ্চল, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, সংসদ সদস্যের এপিএস তাজুল ইসলাম চপল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দেব জগাইসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, সরকারি খাসজমি দখলমুক্ত করা এবং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও জুতা এবং অসহায় মানুষের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, ঢেউটিন ও ভ্যান বিতরণ করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম।