লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাগমুদ ও রাজারামপুর এলাকার মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন মেম্বার প্রার্থী শাহাদাত হোসেন পাটোয়ারী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করতে চান তিনি।
শাহাদাত হোসেন পাটোয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন যুবদলের ৯ নম্বর ভোলাকোট ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রায় ১০ বছর ধরে দায়িত্ব পালন করেছেন বলে জানান।
বিএনপির দুঃসময়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তিনি বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময় তার বিরুদ্ধে গাছ কাটা, রাস্তা কাটা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিস্ফোরক, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মোট ১৭টি মামলা দায়ের করা হয়।
শাহাদাত হোসেন পাটোয়ারী আরও দাবি করেন, অসুস্থ বাবাকে দেখতে এসে তিনি হামলার শিকার হয়েছিলেন। এছাড়া বিয়ের সময় চাঁদা দাবি, পুলিশের ভয়ে আত্মগোপন এবং নিজের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আহত হওয়ার মতো ঘটনাও তার জীবনে ঘটেছে বলে জানান তিনি।
তিনি বলেন, “দলের দুঃসময়ে আমি মৃত্যুঞ্জয়ীর মতো মাঠে ছিলাম। মামলা ও অর্থনৈতিকভাবে আমরা জর্জরিত হয়েছি। তারপরও দলের জন্য কাজ করা থেকে পিছপা হইনি।”
জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতৃবৃন্দ তাকে মেম্বার প্রার্থী হিসেবে মূল্যায়ন ও সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন শাহাদাত হোসেন পাটোয়ারী।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে ২ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। ওয়ার্ডবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করার পাশাপাশি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে এই ওয়ার্ডকে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে দলের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।