বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইন সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসার সভাপতিত্বে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এইচপিভি টিকার বিশেষ ক্যাম্পেইন সংক্রান্ত এ সভায় আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বোয়ালখালীতে সাড়ে ১৩ কিশোরীকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. প্রতীক সেন। তিনি বলেন, স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা রেজিষ্ট্রেশন করে এ টিকা নিতে পারবেন। এছাড়া স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, ডা. মাসুদ আলম, প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন আকরাম, সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া রাজু, ডা. প্রিয়াঙ্কা চৌধুরী ও মেডিকেল টেকনোলজিস জিহাদ বাবলু। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, বিহার ও মন্দিরের পুরোহিতগন উপস্থিত ছিলেন।