বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি – বেসরকারি উভয় দপ্তরকে সমন্বিতভাবে ডাটাবেইজ তৈরি করে কাজ করতে হবে এবং এসডিজি কে আমলে নিয়ে যতটা সম্ভব কাজের আওতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, প্রতিটি জেলায় বিবাহ রেজিষ্ট্রি এবং নোটারি পাবলিকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সভা করে তাদের এবিষয়ে সতর্ক করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের এবং ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে কিশোর- কিশোরী ও অভিভাবকদের সচেতন করতে হবে। বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও কন্টেন্ট প্রচারের নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, কোন জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সভায় জানানো হয়, প্রতিটি থানায় একজন করে শিশু সুরক্ষা কর্মকর্তা রয়েছেন যার নিকট বাল্যবিবাহ তথ্য দিলে, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফি হটলাইন ১০৯,৯৯৯ ও ১০৯৮ নাম্বারে যোগাযোগ করা যাবে। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক দপ্তরের উপ পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দিকা, ইউনিসেফ খুলনার চিফ মোঃ কাউসার হোসাইন – সহ সরকারি – বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।