বন-জঙ্গলের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে কিছু স্বার্থান্বেসী মহল। যার কারনে প্রতিবছর বাড়ছে প্রাকৃতিক নানা দূর্যোগ। এই প্রতিকুলতার মধ্যেও উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন দিনাজপুজেলার বিরল উপজেলার ধর্মপুর শালবনের দখলকৃত জমি উদ্ধার করছে বন বিভাগ। শুধু তাই নয় উদ্ধারকৃত জমিতে আবারো রোপন করা হচ্ছে গাছের চারা। পাশাপাশি এই সামাজিক বনায়নে গাছ লাগিয়ে ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবেন উপকারভোগীরা।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি দিনাজপুর ধর্মপুর শালবন। উত্তবঙ্গের সবচেয়ে বড় শালবন এটি। প্রায় তিন হাজার একর আয়তনের শালবন প্রায় ৪০ বছর ধরে গাছ কেটে সাবাড় করে দিয়েছে ভূমিদস্যুসহ স্থানীয় কুচক্রী মহল। পাশাপাশি জমিগুলো দখল করে চাষাবাদসহ গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বন বিভাগ সেই সব জমি উদ্ধারে নামে। এযাবত আদালতের মাধ্যমে ৩২৫ একরের মধ্যে প্রায় ২১৪ একর জমি পূনরুদ্ধার হয়েছে।
আজ ৬ একর জমি উদ্ধার করে গাছের চারা রোপন করা হয়েছে। সামাজিক বনায়নের প্রায় আড়াইশ জন উপকারভোগীদের নিয়ে আবার সেই উদ্ধারকৃত জমিতে গাছ রোপন শুরু করেছে বন বিভাগ। উৎসবমূখর পরিবেশেই স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তারা এই বৃক্ষরোপন সম্পন্ন করছেন।
ধর্মপুর বিটের বিট কর্মকর্তা কনক সরকার বলেন, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকার ভোগিরাই এর সুফল পাবেন। ৩২৫ একর ধর্মপুর শালবনের দখলকৃত জমি পূনরুদ্ধার করে, পুনরায় সামাজিক বনায়ন গড়ে তোলা হবে বলে জানালেন এই কর্মকর্তা।